আমি তখন খড়গপুরের কাছে।
লোকাল ট্রেনে ভীষণ ঘেমে-নেয়ে
অফিস-ফেরত নিত্যদিনের মতো;
বৃষ্টি, তোমার জন্যে ছিলেম চেয়ে।
বৃষ্টি, তুমি তখন বোধহয় পঁচিশ,
নামী কোনো স্কুলের দিদিমনি।
আমি তখন ব্যাঙ্কে…ঠান্ডা ঘরে
টাকার হিসেব মেলাই; সাবধানী।
বসলে তুমি আমার মুখোমুখি,
অল্প হাসির আভাস নিয়ে মুখে।
স্বল্প চেনা নিত্যযাত্রী দু’জন;
আলাপ করার তীব্র ইচ্ছে বুকে।
বললে তুমি,“বলুন, কেমন আছেন?”
হেসে বললেম,“যাচ্ছে চলে…এইই…”
ঠিক তখনই বৃষ্টি নামলো জোরে,
বুঝিয়ে দিলো ভিজতে বাধা নেই।
সেদিন থেকে বৃষ্টি তোমার প্রেমে
চলছি ভিজে বিকেল থেকে সকাল।
আমাদের পথ এক করে দিয়ে গেছে
পাঁচটে কুড়ির মেদিনীপুর লোকাল।।